মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৯ রাত

একজন শিক্ষকের হাতে শুধু একটি শ্রেণির পাঠ্যজ্ঞান নয়, গড়ে ওঠে একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ। তাই শিক্ষকের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা মানে একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজের ভিত্তি শক্তিশালী করা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
 
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
 
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল-মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম।
 
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেওয়া এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবর্তনশীল বিশ্বে শিক্ষকদের দায়িত্ব ও চ্যালেঞ্জও বাড়ছে। প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাঁদের কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
 
তাঁরা আরও বলেন, শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত না হলে একটি দেশের শিক্ষাব্যবস্থাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া সম্ভব নয়। একটি সমাজ কতটা মানবিক, জ্ঞাননির্ভর ও ভবিষ্যৎমুখী হবে, তা অনেকাংশেই নির্ভর করে শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও সম্মানের ওপর।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কলমাকান্দা সরকারি  কলেজের অধ্যক্ষ সুকুমার বণিক, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর, কলমাকান্দা আল জামিয়াতুল ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদ হাসান, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
 
প্রসঙ্গত, শিক্ষকদের অবদান, অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত