পূর্বধলায় আক্তার খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুলফিকার আলী আর নেই
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ বিকাল

নেত্রকোনার পূর্বধলার সাত্যাটি বেড়াইল আক্তার খান উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক জুলফিকার আলী চৌধুরী (৫৮) মারা গেছেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ২৫ মিনিটে ময়মনসিংহের চুরখাই কমিউনিটি বেজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবার সূত্রে জানা গেছে, জুলফিকার আলী চৌধুরী বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার তাঁকে ময়মনসিংহের চুরখাই কমিউনিটি বেজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তিনি মারা যান। তিনি কিডনি, লিভারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
জুলফিকার আলী চৌধুরীর গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল লতিফ চৌধুরীর বড় ছেলে। বর্তমানে তিনি পূর্বধলা উপজেলা সদরের রৌশনারা রোড এলাকায় বসবাস করতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ ভাই-বোন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, সাত্যাটি বেড়াইল আক্তার খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন খান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খান, শিক্ষক-কর্মচারী, উপজেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুম জুলফিকার আলী চৌধুরীর জানাজার নামাজ আজ শনিবার রাত ৯টায় সাত্যাটি বেড়াইল আক্তার খান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।







