রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় প্রয়াত এমপি ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পূর্বধলা স্টেশনের মরহুমের বাসভবনে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মজিবুর রহমান মানিকের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সংসদ সদস্যের সহধর্মিণী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াকুর রহমান বাবু ও উপজেলা তরুণ দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শহীদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন, ‘আমার স্বামী এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণে তিনি আজীবন কাজ করেছেন। বিএনপির প্রার্থী হিসেবে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।’

তিনি আরও বলেন, সংসদ সদস্য থাকাকালে স্বাস্থ্য ও যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শিক্ষার প্রসারেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর প্রতিষ্ঠিত ডা. মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় ও রাবেয়া আলী মহিলা ডিগ্রি কলেজ এ অঞ্চলের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে।

স্মরণসভায় নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক আজিজুল হক সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার জাহান দর্পন, অ্যাডভোকেট আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা প্রয়াত এমপি ডা. মোহাম্মদ আলীর কর্মময় জীবন ও এলাকার উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, তিনি বিএনপির প্রার্থী হিসেবে পূর্বধলা-ধোবাউড়া আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার সময়ে এ অঞ্চলের উন্নয়ন ও মানুষের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। বক্তারা তাঁর আদর্শ অনুসরণ করে উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।

এর আগে স্মরণসভার শুরুতে প্রয়াত সংসদ সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্টেশন বাজার জামে মসজিদের ইমাম ইসলাম উদ্দিন।

উল্লেখ্য, আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী ২০১২ সালের ৩ অক্টোবর ঢাকার অ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ৭০ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পূর্বধলা-ধোবাউড়া আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত