শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

যোগদানের একদিন পরই পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষের পদায়ন বাতিল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ বিকাল

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদানের একদিন পরই অধ্যাপক মোহাম্মদ আকবর আলীর পদায়ন ও বদলি সংক্রান্ত আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

প্রশাসনিক কারণে তার পদায়ন বাতিল করা হয়েছে বলে বৃহস্পতিবার (১ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ০৪-এ উল্লেখিত অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়ন সংক্রান্ত আদেশের সংযুক্ত অংশটি প্রশাসনিক কারণে বাতিল করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান।

এর আগে গত ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। ওই আদেশের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কার্যালয়ে যোগদান সম্পন্ন করেন তিনি।

পরে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে পূর্বধলা সরকারি কলেজে পৌঁছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আকবর আলী। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকেও তাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর তিনি কলেজের শিক্ষক, কর্মচারী, সাংবাদিক ও ছাত্রনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পরে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং কলেজের শিক্ষা কার্যক্রম ও সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

কিন্তু কলেজে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাত্র একদিন পরই বৃহস্পতিবার তার পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। ফলে মাত্র একদিনের ব্যবধানে নতুন অধ্যক্ষের পদায়ন বাতিলের ঘটনায় পূর্বধলা সরকারি কলেজে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ আকবর আলী নেত্রকোনা সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ২২তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।

উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়।

জাতীয়করণের পর থেকে দীর্ঘদিন ধরে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর ফলে প্রায় আট বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমেই কলেজটির প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

এর আগে ২০২৫ সালের ১৫ এপ্রিল আনন্দমোহন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বাহারুল ইসলামকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছিল। তবে তিনি দায়িত্ব গ্রহণ না করেই ফিরে যান। ফলে ওই পদায়ন কার্যকরভাবে স্থায়ী হয়নি।

দীর্ঘদিন পর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীর পদায়ন ও যোগদানের মধ্য দিয়ে পূর্বধলা সরকারি কলেজে পূর্ণাঙ্গ অধ্যক্ষের নেতৃত্বে প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে যোগদানের পরদিনই পদায়ন আদেশ বাতিল হওয়ায় কলেজটির প্রশাসনিক নেতৃত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পদায়ন বাতিলের কারণ হিসেবে শুধু ‘প্রশাসনিক কারণে’ উল্লেখ করা হয়েছে। এর বাইরে বিস্তারিত কোনো কারণ প্রজ্ঞাপনে জানানো হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত