পূর্বধলায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ বিকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা ওলামা দলের উদ্যোগে পূর্বধলা বাজারে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. ছায়েদুর রহমান ও সদস্যসচিব মাওলানা মো. মুজিবর রহমান মণ্ডলের নেতৃত্বে র্যালিতে সংগঠনটির নেতা-কর্মীরা অংশ নেন।
র্যালিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মো. সেলিম উদ্দিন, রুহুল আমীন ফকির, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।







