পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাণীর কামড়ে চিকিৎসা মিলছে, পর্যাপ্ত অ্যান্টি-র্যাবিস টিকা মজুত
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধের টিকা (অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন) পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে। কুকুর, বিড়ালসহ কোনো সন্দেহজনক প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে অবহেলা না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। তবে সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।
তিনি বলেন, কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রচুর পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা নিতে হবে।
টিকা সংক্রান্ত তথ্য বা প্রয়োজনীয় সহায়তার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) গোলাম মোস্তফার সঙ্গে ০১৯২০৯১৭৯৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ কুকুর, বিড়াল বা অন্য কোনো সন্দেহজনক প্রাণীর কামড় ও আঁচড়কে গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত চিকিৎসা গ্রহণের জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।







