পূর্বধলায় প্রয়াত এমপি ডা. মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৯ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্দেশনায় আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির।

সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম তালুকদার বলেন, ডা. মোহাম্মদ আলী বিএনপির প্রার্থী হিসেবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পূর্বধলা-ধোবাউড়া আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তিনি নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, ডা. মোহাম্মদ আলীর কর্মময় জীবন ও রাজনৈতিক আদর্শ থেকে শিক্ষা নিয়ে উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফকির, ছায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আতিউর রহমান রনক, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ও শামসুল হক মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির পাপ্পুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা প্রয়াত সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর রাজনৈতিক ও কর্মময় জীবন এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, সংসদ সদস্য থাকাকালে তিনি এ অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার আদর্শ অনুসরণ করে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে ডা. মোহাম্মদ আলীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মো. মুজিবর রহমান মণ্ডল।
এর আগে সকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডা. মোহাম্মদ আলীর কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, আলহাজ্ব ডা. মোহাম্মদ আলী ২০১২ সালের ৩ অক্টোবর ঢাকার অ্যাপোলো হাসপাতালে ৭০ বছর বয়সে মারা যান।







