রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

মোস্তফা কামাল-নুরুল হুদা রনো'র নেতৃত্বে ওনাবের নতুন কমিটি


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ০৩ অক্টোবর ২০২৬, ০২:০০ দুপুর

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ওনাব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ নুরুল হুদা রনো।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আলিমুজ্জামান হারুন এবং সহসভাপতি হয়েছেন লতিফুল বারী হামিম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সজীব এবং কোষাধ্যক্ষ পদে অয়ন আহমেদ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন আজকের আরবানের প্রকাশক সৈয়দ আরিফুজ্জামান, শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, দেলোয়ার হোসেন, রফিকুল বাসার ও মাহবুবা ইসলাম কাকলী।

সাধারণ সভার শুরুতে ওনাবের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহীন চৌধুরীর সঞ্চালনায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভার শুরুতেই ওনাবের সদস্য ও বিডিনিউজ ২৪-এর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সদস্যরা।

পরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন সদস্যরা। সভায় অনলাইন নিউজপোর্টালগুলোর প্রতিবছর নতুন করে নিবন্ধন নবায়নের বিদ্যমান নিয়ম বাতিল এবং নিবন্ধিত অনলাইন গণমাধ্যমকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ ছাড়া অনিবন্ধিত নিউজপোর্টালের দৌরাত্ম্য বন্ধ এবং অনলাইন মাধ্যমে ভুল তথ্যের বিস্তার রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং তথ্য সচিবের সঙ্গে দ্রুত বৈঠক আয়োজনের প্রস্তাবও গৃহীত হয়।

সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন এজেন্ডা ও সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দেন আজকের আরবানের প্রকাশক সৈয়দ আরিফুজ্জামান, শাহিন চৌধুরী, সৈয়দ নুরুল হুদা রনো, শাহিনুর ইসলাম চৌধুরী, মহসিন হোসেন, অয়ন আহমেদ, মোস্তাকিম সরকার ও দেলোয়ার হোসেন।

সভা শেষে অনলাইন গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন নতুন সভাপতি মোস্তফা কামাল মজুমদার। একই সঙ্গে সংগঠনের ভবিষ্যৎ করণীয় তুলে ধরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত