কাপাশিয়া দাখিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
আরবান ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০১:০২ দুপুর

নেত্রকোনার পূর্বধলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ অক্টোবর মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. ওমর ফারুক। সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম ও সিনিয়র শিক্ষক জনাব আব্দুস ছালাম।
আলোচনায় বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না; বরং তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষকদের দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
তারা আরও বলেন, শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন ও একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে কাপাশিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং শিক্ষার মানোন্নয়নে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

_medium_1791014428.jpg)



_medium_1790420262.jpg)

