অস্তিত্ব সংকটে পূর্বধলার ৭০ বছরের জামিয়া দারুস সুন্নাহ
আরবান ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১২:০৫ রাত

নেত্রকোনার পূর্বধলায় ধলাই নদীর ভয়াবহ ভাঙনের হুমকিতে পড়েছে ৭০ বছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুস সুন্নাহ শরীফপুর। নদীর অব্যাহত ভাঙনে মাদ্রাসার অবকাঠামো এখন চরম ঝুঁকির মুখে। যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে প্রতিষ্ঠানটির অবশিষ্ট অংশটুকুও।
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি একসময় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম দ্বীনি শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পর্যন্ত পাঠদান করা হতো। দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা হাদিসের জ্ঞান অর্জনের জন্য এ প্রতিষ্ঠানে আসতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলাই নদীর ভাঙনে এর আগেও কয়েক দফায় মাদ্রাসার মূল ভবন নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিবারই এলাকাবাসী নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠানটি নদী থেকে কিছুটা দূরে সরিয়ে নতুন করে অবকাঠামো নির্মাণ করেছেন। তবে বারবার ভাঙনের ক্ষতি ও আর্থিক সংকটের কারণে একপর্যায়ে বন্ধ হয়ে যায় দাওরায়ে হাদিস বিভাগ।

বর্তমানে মাদ্রাসাটি নদীর একেবারে তীরে অবস্থান করছে। নদীর স্রোতে পাড়ের মাটি সরে যাওয়ায় প্রতিষ্ঠানটির অবশিষ্ট ভবনগুলোও ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না নিলে যেকোনো সময় পুরো প্রতিষ্ঠানটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
বর্তমানে নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। পুরুষ শাখায় নূরানী, হিফজ ও কিতাব বিভাগের হেদায়াতুন নাহু পর্যন্ত পাঠদান চলছে। অন্যদিকে মহিলা শাখায় মেশকাত জামাত পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, একসময় শত শত এতিম ও অসহায় শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এ প্রতিষ্ঠানটি এখন অস্তিত্ব সংকটে। অথচ নদীভাঙন রোধে এখনো দৃশ্যমান কোনো স্থায়ী প্রতিরোধব্যবস্থা, বাঁধ কিংবা ব্লক স্থাপন করা হয়নি বলে অভিযোগ তাঁদের।
এ অবস্থায় মাদ্রাসাটি রক্ষায় স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাঁদের দাবি, দ্রুত সরেজমিন পরিদর্শন করে ধলাই নদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির অবকাঠামো রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হোক।
স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা নেওয়া না হলে পূর্বধলার ৭০ বছরের এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটি হারিয়ে যেতে পারে নদীগর্ভে, যার প্রভাব পড়বে এলাকার ধর্মীয় ও শিক্ষাব্যবস্থার ওপর।


_medium_1793293266.jpg)



