পূর্বধলায় মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক সভা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পূর্বধলা এডিপির আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নান্দাইল এপিসিও ও পূর্বধলা এপির সিনিয়র ম্যানেজার কাজল আলফন্স দ্রং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শহিদ মিয়া, অভিভাবক আব্দুল কুদ্দুস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাবলী রংমা।
সভায় ওয়ার্ল্ড ভিশনের ইয়ুথ ফোরাম, চাইল্ড ফোরাম, সেন্টার ম্যানেজমেন্ট কমিটির সদস্য, অভিভাবক এবং বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে কাজল আলফন্স দ্রং বলেন, পূর্বধলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা তৈরিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সামাজিক এসব সমস্যা প্রতিরোধে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থী ও অভিভাবকদের মাদকের ভয়াবহতা, মাদকের কুফল, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন সম্পর্কে সচেতন করেন। তিনি এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার পাশাপাশি মাদক ও জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যেকোনো প্রয়োজনে পূর্বধলা থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময় তিনি এসব বিষয়ে সচেতনতা তৈরিতে ওয়ার্ল্ড ভিশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।







