রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ রাত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ থেকে র‍্যালিটি বের করা হয়। পরে র‍্যালিটি পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা সরকারি কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার ও সেলিম উদ্দিন।

এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার ও জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আজকের দিনে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সুদৃঢ় ভূমিকা রাখতে হবে।”

তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত