ভিডিএফ কেন্দ্রীয় কমিটির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত পূর্বধলার উজ্জ্বল মিয়া
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫০ দুপুর

স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের (ভিডিএফ) কেন্দ্রীয় কমিটি নির্বাচন-২০২৬-এ কোষাধ্যক্ষ পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার পূর্বধলা উপজেলার সন্তান উজ্জ্বল মিয়া।
গত ৪ নভেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল অনুযায়ী, কোষাধ্যক্ষ পদে উজ্জ্বল মিয়া পেয়েছেন সর্বোচ্চ ৮৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ জেলার ফাহিম শেখ পেয়েছেন ৭৫২ ভোট। ১৩৭ ভোটের ব্যবধানে ফাহিম শেখকে পরাজিত করে নির্বাচিত হন তিনি। এ পদে অপর প্রার্থী চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার মো. হাসিবুর রহমান মিশকাত পেয়েছেন ২৯৬ ভোট।
নির্বাচনী প্রচারণায় উজ্জ্বল মিয়া তহবিলের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে তহবিল বণ্টন এবং ‘জিরো অ্যাডমিন-কস্ট’ নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর নির্বাচনী ইশতেহারে আর্থিক জবাবদিহি ও সদস্যদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। এসব প্রতিশ্রুতি নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের স্বেচ্ছাসেবীদের মধ্যে আলোচনা তৈরি হয়।
বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় উজ্জ্বল মিয়া বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি সারাদেশের সব ভিডিএফ সদস্যের বিজয়। যারা আমার ওপর আস্থা রেখে পবিত্র আমানত হিসেবে ভোট দিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। বিশেষ করে আমার ময়মনসিংহ বিভাগসহ সারাদেশের যেসব লিডার দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদের এই ঋণ শোধ করার মতো নয়। আমি কথা দিচ্ছি, আমার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তহবিলের শতভাগ স্বচ্ছতা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”
উজ্জ্বল মিয়ার এ বিজয়ে পূর্বধলার স্বেচ্ছাসেবী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। তাঁরা আশা করছেন, কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।







