মাধবপুরে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বুধবার (৪ নভেম্বর) সরকারি সফরে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সফরকালে তিনি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, শিক্ষার্থীদের খাবার বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জে পৌঁছেছেন প্রতিমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন বুধবার মাধবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাহুবল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এবং মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
ইউএনও মেহেদী হাসান জানান, বুধবার সকালে প্রতিমন্ত্রী মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের এসএম ফয়সাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। পরে জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসএম ফয়সাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির বাংলা পাঠদান পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এ সময় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন তিনি।
এ ছাড়া বিদ্যালয়ের মা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়, শ্রেণিকক্ষের লাইব্রেরি কার্যক্রম পরিদর্শন এবং ‘বুক ক্যাপ্টেন’দের সঙ্গে কথা বলবেন প্রতিমন্ত্রী। বিদ্যালয়ের বাগান কার্যক্রম ও ‘লিটল এগ্রিকালচারিস্ট ক্লাব’-এর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করার কথা রয়েছে তার।
পরে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন ববি হাজ্জাজ। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
বিদ্যালয় পরিদর্শন শেষে হবিগঞ্জ সার্কিট হাউসে ফিরে মধ্যাহ্নভোজের বিরতি নেবেন প্রতিমন্ত্রী। বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত হবিগঞ্জ পিটিআই পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। রাতে সার্কিট হাউসে অবস্থান করবেন তিনি।
সফরের শেষ দিন বৃহস্পতিবার সকাল ৮টায় হবিগঞ্জ সার্কিট হাউস থেকে বাহুবল উপজেলার উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। সকাল সাড়ে ৯টা থেকে বাহুবলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে মাধবপুরের প্রাথমিক শিক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।







