পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর শুভ উদ্বোধন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ বিকাল

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুম ও মাঠে এ আয়োজন করা হয়।
এর আগে বিকেলে ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে বর্ণাঢ্য অনুষ্ঠানে রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনি দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূর্বধলা উপজেলা থেকেও সরাসরি উপভোগ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা, অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা। পরে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলে কিক দিয়ে স্থানীয় পর্যায়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী ম্যাচে বিশকাকুনী ইউনিয়ন ও ধলামূলগাঁও ইউনিয়নের দল মুখোমুখি হয়। খেলাকে ঘিরে মাঠে উপস্থিত দর্শক ও তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, পূর্বধলা থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মান্নান, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় আসরে রেকর্ডসংখ্যক ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর ও তরুণ ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে।
আয়োজকদের আশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।







