জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান শহিদুল্লাহ ইমরানের
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪২ বিকাল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহিদুল্লাহ ইমরান।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে পূর্বধলা উপজেলা সদরের স্টেশন বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শহিদুল্লাহ ইমরান বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিবসের কর্মসূচি সফল করতে ইউনিয়ন পর্যায় থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই একটি মহল গোপনে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক ও ধৈর্যশীল থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘দলের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব মানুষকে নিয়ে ভাবেন। তাই কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে।’
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল গনি তালুকদার, এম এ মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার ও আসাদুজ্জামান ডানো, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনিসুজ্জামান তালুকদার প্রমুখ।
সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







