রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহিদুল্লাহ্ ইমরানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ রাত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। 

রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

দুপুরে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহিদুল্লাহ ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ ও আহমদ আলী সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার ও আসাদুজ্জামান ডানো, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনিসুজ্জামান তালুকদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত