বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় অনুমোদনহীন চিকিৎসা ও লাইসেন্সবিহীন ডেন্টাল পরিচালনা, জরিমানা ২ লাখ টাকা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ নভেম্বর ২০২৬, ০৩:১১ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান ও বৈধ লাইসেন্স ছাড়া ডেন্টাল প্রতিষ্ঠান পরিচালনার দায়ে এক প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডেন্টাল এইড প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. আল আমীন (২৯)। তিনি উপজেলার বাড়হা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এবং ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান (পিপিএম)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং বৈধ লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বৈধ ডেন্টাল নিবন্ধন ও সরকারি অনুমোদন ছাড়াই ওই ব্যক্তি ডেন্টাল চেম্বার পরিচালনা করে আসছিলেন বলে গোপন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাঁকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি জানান জরিমানার অর্থ পরিশোধ না করায় মো. আল আমীন বর্তমানে পূর্বধলা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। এবং কোর্টে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত