পূর্বধলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মী গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৫:১১ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাজী মঈন উদ্দিন মামুন, উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী মো. শাকিল এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী পিয়াম।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও চেষ্টা করছেন-এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের এ অভিযান পরিচালিত হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






