ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ বিকাল

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) নেত্রকোনার পূর্বধলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা কোতোয়ালি থানা ও পূর্বধলা থানা-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার কাউসার মিয়া পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ধলা মাইজ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার রায় জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় কাউসারের অবস্থান শনাক্ত করা হয়। আদালত থেকে পালানোর পর তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ঢাকা কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত প্রথম আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।
কাউসার ঢাকার দক্ষিণখান থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকার একটি বাসার বাথরুমে ছুরিকাঘাতে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে ২০২২ সালের ২০ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে ঢাকা কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।







