বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম

অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়


  সুহাদা মেহজাবিন

প্রকাশ :  ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ রাত

অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে তথ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর দীর্ঘদিনের বৈষম্য নিরসন, সরকারি বিজ্ঞাপন বরাদ্দ এবং নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের দাবি জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)। সংগঠনটির এসব দাবি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাবের কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে।

ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. লতিফুল বারী হামিম, সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সজীব, দপ্তর সম্পাদক খোকন কুমার রায়। এ ছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য সৈয়দ আরিফুজ্জামান, শাহীন চৌধুরী, তৌহিদুল ইসলাম মিন্টু, মহসিন হোসেন ও মাহবুবা ইসলাম কাকলিসহ সংগঠনের অন্যান্য নেতারা সভায় অংশ নেন।



মতবিনিময়ের শুরুতে ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বৈষম্যের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে সরকারি বিজ্ঞাপন প্রাপ্তির ক্ষেত্রে তারা বঞ্চিত। এ পরিস্থিতির পরিবর্তনে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোকে সরকারি বিজ্ঞাপন প্রদানের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে প্রতিবছর নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন নবায়নের প্রচলিত পদ্ধতি বাতিলের প্রস্তাবও তুলে ধরেন।

ওনাবের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল নিয়ে জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রযাত্রায় সহযোগী হিসেবে অনলাইন সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন ও পেশাদার সাংবাদিকতা চর্চার মাধ্যমে এসব পোর্টাল গণমাধ্যমের পরিসরকে সমৃদ্ধ করছে।

সভায় সিনিয়র সদস্য শাহীন চৌধুরী গুজব ও অপপ্রচার প্রতিরোধে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর বিরুদ্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. লতিফুল বারী হামিম অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন প্রক্রিয়ায় নামের ছাড়পত্র পদ্ধতি চালুর প্রস্তাব করেন।

অন্যদিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল কবির আসিফ অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোকে প্রচলিত আইনের আওতায় আনার দাবি জানান।

কার্যনির্বাহী সদস্য সৈয়দ আরিফুজ্জামান বলেন, অন্যান্য গণমাধ্যমের মতো অনলাইন নিউজ পোর্টালগুলোকেও সমান সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য ও অপপ্রচার মোকাবিলায় পেশাদার অনলাইন সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন তিনি। এ ক্ষেত্রে সরকারের কার্যকর সহযোগিতাও প্রত্যাশা করেন।

প্রতিনিধিদলের বক্তব্য ও উত্থাপিত দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, প্রস্তাব ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় গুজব ও অপপ্রচার রোধের পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভার শেষ পর্যায়ে উপস্থিত প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে তিনি রাষ্ট্রের কল্যাণ, গণতন্ত্রের সুসংহতকরণ এবং গণতান্ত্রিক চর্চা এগিয়ে নিতে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত