র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উদ্বোধন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:৪০ রাত

২৭ জুলাই সোমবার “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানে বিকেলে পাঁচ দিনব্যাপী এ বৃক্ষ মেলা উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। শেরপুরে বৃক্ষরোপণ এবং বৃক্ষমেলা র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে।
মেলার গেটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ, নার্সারি মালিক সমিতি সভাপতি মোঃ সাদেক আলী, এনসিপি নেতা নূর ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ জাফর আলী ও শফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ।
৫ দিনব্যাপী এ বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারি মালিক, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবক সংগঠন থেকে প্রায় অর্ধশত স্টল প্রদর্শন করা হয়। এতে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ফুলের শত শত বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়।







