পূর্বধলা এসিল্যান্ড অফিসে চুরি, খোয়া গেছে টাকা ও ক্রেডিট কার্ড
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অফিসের আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড চুরি হয়েছে। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে ময়মনসিংহ থেকে আসা সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চুরির বিষয়টি জানাজানি হয়। এর আগে সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, চোরেরা কার্যালয়ের পেছনের দিকের একটি জানালার গ্রিল ও সামনের বারান্দার একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় দরজার হ্যাজবলও কেটে ফেলা হয়। পরে কার্যালয়ের একটি আলমারি থেকে টাকা ও ক্রেডিট কার্ড নিয়ে যায় তারা।
কার্যালয়ের নৈশপ্রহরী জুয়েল মিয়া জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি কার্যালয়ের দোতলায় ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি বুঝতে পারেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ছাড়া নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, চুরির ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ থেকে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দলের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তারা কার্যালয় থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, কার্যালয়ের একটি আলমারি থেকে ৪৬ হাজার ১৩০ টাকা ও আইএফআইসি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড খোয়া গেছে। তবে প্রাথমিকভাবে কোনো সরকারি কাগজপত্র খোয়া যায়নি।
তিনি আরও জানান, কার্যালয়ে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি আগে থেকেই অচল ছিল। ফলে চুরির ঘটনার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।




_medium_1793113825.jpg)


