বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
শিরোনাম

জামালপুরে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০১ রাত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
 
​জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্  মো: ওয়ারেছ আলী মামুন।
 
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম মমিন।
 
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মঞ্জু ও আনোয়ারুজ্জামান লিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
​আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের নেতৃত্বে একটি বিশাল আনন্দ র‍্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি শহরের গেটপাড়, দয়াময়ী মোড়, মেডিকেল রোড, তমালতলা, সকাল বাজার, বকুলতলা ও পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
 
​যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই র‍্যালিতে জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, বকশীগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলাসহ বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন থেকে আসা প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে অংশ নেন। র‍্যালি শেষে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন জেলা যুবদলের আহ্বায়ক।
 
​উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত