পূর্বধলায় চুরি-মাদক-জুয়া নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ চান এমপি মাছুম মোস্তফা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ রাত

নেত্রকোণার পূর্বধলায় চুরি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। তিনি বলেছেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে পূর্বধলা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, চোরাচালান বন্ধ এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাছুম মোস্তফা পূর্বধলায় সাম্প্রতিক সময়ে কয়েকটি চুরির ঘটনা বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, এমন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা ভালো রয়েছে—এ কথা বলা কঠিন। তবে চুরির ঘটনায় কয়েকজনকে আটক ও মালামাল উদ্ধারের উদ্যোগ নেওয়ায় তিনি পুলিশকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জারিয়া রুটে ডাকাতির ঘটনা বন্ধ হওয়ার বিষয়টিও উল্লেখ করেন।
তিনি বলেন, চুরি বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাদক, জুয়া ও চুরি এই তিনটি অপরাধ নিয়ন্ত্রণে আনা গেলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে বলা যাবে। এ জন্য প্রতিটি এলাকায় মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রাতের পাহারা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। গরু চুরি প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
পূর্বধলা বাজারের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সংসদ সদস্য। পাশাপাশি হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের চলাচল ও আচরণ নিয়ে উত্থাপিত অভিযোগের ক্ষেত্রে আইনসম্মতভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এ বিষয়ে কোনো ধরনের হয়রানি বা বৈষম্য নয়, বরং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব পাওয়া প্রয়োজন।
সভায় বক্তব্য দেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান ও আহাম্মদ আলী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বধলা উপজেলা আমির মাহফুজুল হক খান, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান, নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান।
এ ছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমদ খান কামাল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল ও জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মণ্ডল নান্টুসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, আনসার ও ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম আলোচনায় উঠে আসা সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তর ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি অপরাধসংক্রান্ত তথ্য প্রশাসন ও পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।



_medium_1793269709.jpg)
_medium_1793269157.jpg)
_medium_1793268916.jpg)
