শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৯ জুলাই ২০২৬, ১২:০৮ দুপুর

টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা উপজেলায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে প্রথম পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ের মাটি ধসে একটি বসতঘরের ওপর পড়ে গেলে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিন সদস্য মাটিচাপা পড়েন। এতে মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান ঘটনাস্থলেই মারা যান।

এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় দ্বিতীয় দফা পাহাড়ধস হয়। এতে একটি একতলা পাকা ঘরের দেয়াল ধসে স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫) মাটিচাপা পড়ে নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, টানা বর্ষণের কারণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন উপজেলার বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনও সেই নির্দেশনা মানছেন না। ফলে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত