পূর্বধলা ক্রীড়া সংস্থার ভোট কাল, সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থী
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রবিবার (২৯ নভেম্বর)। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করায় এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। ফলে এ পদে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী কাজী মুমিনুল ইসলাম মুন্না প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে এ পদে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. মাজহারুল আলম তালুকদার, মো. সাইফুল ইসলাম সুমন ও শফিকুল ইসলাম সরকার।
এর আগে গত ২৩ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সাধারণ সম্পাদক পদে চারজনসহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উপজেলা ক্রীড়া সংস্থার ১৮টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্য পদগুলোতে প্রার্থীর সংখ্যা নির্ধারিত পদের সমান ছিল।
নির্বাচনে সহসভাপতির দুটি পদে সাজু আহম্মেদ ও কেবিএম নোমান শাহরিয়ার, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও ইমতিয়াজ আহমেদ সজিব এবং কোষাধ্যক্ষ পদে তুষার দত্ত প্রার্থী হয়েছেন। এ ছাড়া আটটি নির্বাহী সদস্য পদে আটজন প্রার্থী রয়েছেন।
নির্ধারিত পদের বিপরীতে প্রার্থীসংখ্যা সমান হওয়ায় এসব পদে প্রার্থিতা অপরিবর্তিত থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী থাকায় এ পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন একজন।
নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছেন ৮২ জন ভোটার। তাঁদের মধ্যে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, দাতা সদস্য, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া ১৮ জন প্রার্থীই ভোটার তালিকাভুক্ত।
নির্বাচনে সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু নির্বাচন কমিশনার এবং উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজমুল হুদা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন।
তফসিল অনুযায়ী, আগামীকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।







