আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় সংবাদ সম্মেলন
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ দুপুর

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা। এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’।
আধা ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গাইবান্ধা জেলায় ধর্ষণের চেষ্টা-সংক্রান্ত অভিযোগে ১২৫ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ সময়ে নারী নির্যাতনের ১২৪টি ঘটনা নথিভুক্ত হয়েছে। পাশাপাশি ধর্ষণের মামলা হয়েছে ৫৩টি এবং গণধর্ষণের মামলা হয়েছে ৩টি।
তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু নারী কিংবা একটি পরিবারের সমস্যা নয়; এটি সমাজ, রাষ্ট্র ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর ছবি ও পরিচয় ব্যবহার করে অপপ্রচার, ব্ল্যাকমেইল, অশ্লীল বার্তা, অনলাইন হয়রানি ও সাইবার সহিংসতার মতো নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে।
নারী-পুরুষের সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি ১১ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করা, উত্ত্যক্তকরণ ও যৌন নিপীড়ন বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং ওই রায়ের আলোকে আইন প্রণয়ন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সাইবার বুলিং, যৌন হয়রানি ও মাদকাসক্তির বিরুদ্ধে তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা, উঠান বৈঠক, প্রশিক্ষণ এবং বিশ্ব মানবাধিকার দিবস পালনসহ নানা আয়োজন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আকতার ইয়াসমিন, পরিবেশ সম্পাদক বিথী বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিকা গুপ্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।






_medium_1795666323.jpg)
