মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

ভুটানের কম দামের পাথর আমদানিতে বাধা; সম্ভাবনা হারাচ্ছে নাকুগাঁও স্থলবন্দর


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ দুপুর

ভারত ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়ছে শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। 

ভুটান থেকে তুলনামূলক কম দামে পাথর আমদানির সুযোগ থাকলেও সীমান্তপথের জটিলতায় তা নিয়মিত হচ্ছে না। অন্যদিকে ভারতীয় ভিসা জটিলতা, সড়ক যোগাযোগের সমস্যা ও কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়হীনতায় ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি। 

গত দুই বছরে পাথর আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ। বন্ধ রয়েছে নিয়মিত রপ্তানি কার্যক্রম। এতে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক।

ভুটান থেকে পাথর আমদানিকারক ব্যবসায়ী জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, আমরা ভুটান থেকে ভারতের চেয়ে অনেক কম দামে পাথর আমদানি করতে পারি। কিন্তু ওই পাথর ভুটান থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করতে নানা প্রতিবন্ধীকতা রয়েছে। ভুটান থেকে আগত পাথরের ট্রাক বাংলাদেশে প্রবেশে ভারতীয় ব্যবসায়ীদের নানান নিয়ম নীতির পাশাপাশি পথে পথে রয়েছেন স্থানীয় বিভিন্ন মহলের নানা চাঁদাবাজি। এছাড়া ইতিপূর্বে প্রতি রোববার ভুটানের পাথর বাংলাদেশে ঢুকলেও সম্প্রতি গত দুই সপ্তাহ যাবত রোববার করে ভুটানের কোন পাথর ঢুকতে পারছে না। ভারতের রোববার ছুটির দিন থাকায় স্থানীয় ভারতীয় ব্যবসায়ীরা তাদের পাথর ঢুকে না বলে তারাও ভুটানের পাথর ঢুকতে অনুমতি দিচ্ছে না বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। তবে ইতিপূর্বে রোববারে ভুটানের পণ্য প্রবেশ করতেও বাংলাদেশ।

নাঁকুগাও আমদানি রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, ভারতীয় সিন্ডিকেটের প্রভাবে পাথর আমদানিতে ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়ছেন। পাথরের পাশাপাশি কয়লা ও অন্যান্য পণ্যের আমদানি-রপ্তানি চালু এবং ব্যবসায়ীদের মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ বাড়ানো হলে বাণিজ্য ও কর্মসংস্থান দুটিই বাড়বে।

ব্যবসায়ী কামরুল জানান, অতীতে এ বন্দর দিয়ে কাপড়, পাম অয়েল, মাছ, মশারি, তৈরি পোশাক ও সিমেন্টসহ বিভিন্ন পণ্য রপ্তানি হতো। কয়লাও আমদানি করা হতো। কিন্তু ২০২৩ সালের পর থেকে নিয়মিত রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে এবং কয়লা আমদানিও বন্ধ। এসব পণ্যের বাণিজ্য পুনরায় চালু হলে বন্দরের কার্যক্রম বাড়বে।

নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ পলাশ চন্দ্র সরকার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ইমিগ্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে ভিসা জটিলতার কারণে এ সীমান্ত দিয়ে ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত উল্লেখযোগ্যভাবে কমেছে। ভিসা প্রদান ও আবেদন কেন্দ্রের কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।

বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (ট্রাফিক) মো. জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে ভারতীয় পাথর আমদানির ওপর নির্ভর করেই বন্দর পরিচালিত হচ্ছে। ভারত থেকে ২১ ধরনের পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে আইনসম্মত সব পণ্য রপ্তানির অনুমতি থাকলেও বাস্তবে তা হচ্ছে না। একটি পণ্য আমদানি করে বন্দর পরিচালনা সম্ভব নয়। পণ্যবৈচিত্র্য বাড়াতে এনবিআর ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা প্রয়োজন।

এদিকে আমদানি-রপ্তানি কমে যাওয়ায় পণ্য ওঠানো-নামানো, ট্রাক খালাস, পাথর ভাঙা ও পরিবহনের কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ কমেছে। ফলে শত শত শ্রমিক এখন বেকার হয়ে বসে আছে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি ২০১৯-২০ অর্থবছরে ছিল ৮৫ হাজার ৩৫ মেট্রিক টন। ২০২১-২২ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৭৬ হাজার ৪৮৩ মেট্রিক টনে। এরপর আমদানির পরিমাণ আরও বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে সর্বোচ্চ ৩ লাখ ৯১ হাজার ১৩৭ মেট্রিক টনে পৌঁছায়। তবে এরপর থেকে আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে পাথর আমদানি কমে প্রায় ১ লাখ ৯৫ হাজার মেট্রিক টনে নেমে আসে। অর্থাৎ, মাত্র দুই অর্থবছরের ব্যবধানে নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পাথর আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ।

উল্লেখ্য, এ বন্দর দিয়ে পাথর, কয়লা, চুনাপাথর, কাঠ, সার, পেঁয়াজ, রসুন, আদা, ফল, গমসহ বিভিন্ন পণ্য আমদানির অনুমতি রয়েছে। নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া ভুটানের পণ্যও আমদানি করা যায়। বাংলাদেশ থেকে আইনসম্মত সব ধরনের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তবে বাস্তবে আমদানি কার্যক্রম মূলত পাথরনির্ভর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত