সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ক্রীড়া সংস্থার নির্বাচনে ১৮ জনের মনোনয়ন, সাধারণ সম্পাদকে চারজনের লড়াই


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ১৮টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে একটি পদের বিপরীতে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করায় এ পদে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে সংরক্ষিত নারী নির্বাহী সদস্যের দুটি পদে কেউ মনোনয়নপত্র জমা দেননি।

সোমবার (২৩ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশনের প্রকাশিত প্রার্থী তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

তালিকা অনুযায়ী, সহসভাপতির দুটি পদে মনোনয়ন জমা দিয়েছেন স্টার বয়েজ স্পোর্টিং ক্লাবের সভাপতি সাজু আহম্মেদ ও ক্রীড়াবিদ-সংগঠক কেবিএম নোমান শাহরিয়ার।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন চারজন। তারা হলেন- ক্রীড়াবিদ ও সংগঠক মো. মাজহারুল আলম তালুকদার, নবজাগরণ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম সুমন, উদয় স্পোর্টিং ক্লাবের সভাপতি কাজী মুমিনুল ইসলাম মুন্না এবং পূর্বধলা ফুটবল একাডেমির সভাপতি শফিকুল ইসলাম সরকার।

অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে এসি ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মঙ্গলবাড়িয়া যুব সংগঠনের মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ ও রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজিব মনোনয়ন জমা দিয়েছেন।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে বৈশাখী ছাত্র সংঘের সাধারণ সম্পাদক তুষার দত্ত এবং আটটি নির্বাহী সদস্য পদে আটজন মনোনয়ন জমা দিয়েছেন।

তারা হলেন, নিউ স্টার ক্লাবের সভাপতি মো. রহমত আলী, রেনেসাঁ ক্লাবের সভাপতি এস এম শহীদ, অর্নিবাণ ক্লাবের সভাপতি সারোয়ার হোসেন মনি, রৌশনারা রোড ইয়ুথ ক্লাবের সভাপতি ফাহাদ সিদ্দিকী পিয়াস, পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রবায়েতুজ্জামান রাপ্পু, রাজপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি আলমগীর বাশার সুমন, মৌদাম বন্ধুমহল একতা সংঘের সভাপতি শাহীন আলম তালুকদার ও নয়াপাড়া টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতি সোলেমান কবীর পাপ্পু।

নির্বাচনে সহসভাপতি, অতিরিক্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও নির্বাহী সদস্য- এই পাঁচ শ্রেণির পদে প্রার্থীর সংখ্যা নির্ধারিত পদের সমান। ফলে এসব পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে প্রার্থিতা অপরিবর্তিত থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হবে। তবে সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী থাকায় এ পদে ভোটের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু।

নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার রয়েছেন ৮২ জন। তাঁদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দাতা সদস্য, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়া ১৮ জনই ভোটার তালিকাভুক্ত।

নির্বাচন তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর)।

আগামী রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত