মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৬ দুপুর

হবিগঞ্জের মাধবপুরে অগ্নিকাণ্ডে জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় লোকজন ও মাধবপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে জাহির মিয়া তালুকদার ও শিপন মিয়া তালুকদারের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত শিপন মিয়া তালুকদার বলেন, প্রথমে আমরা আগুন লাগার বিষয়টি বুঝতে পারিনি। আগুনের লেলিহান শিখা বড় হয়ে ছড়িয়ে পড়ার পর বিষয়টি বুঝতে পারি। এর মধ্যে আগুন নেভানো সম্ভব হয়নি। মুহূর্তেই আমাদের দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে পরিবার দুটি চরম দুর্ভোগে পড়েছে। আগুনে ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় তারা এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।






_medium_1791002233.jpg)
