মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা-মা, অবশেষে ৬ মাসের জেল
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ দুপুর

আদর-যত্নে বড় করা সন্তানই যখন বাবা-মায়ের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়, তখন সেই কষ্টের সীমা থাকে না। মাদকের নেশায় পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও বাবা-মাকে মারধরের অভিযোগে অবশেষে কারাগারে যেতে হলো ২২ বছর বয়সী মো. ফাহিমকে। ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবিপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায়।
দণ্ডপ্রাপ্ত ফাহিম দেবিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। অভিযানে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম মাদক সেবন করে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করতেন। একপর্যায়ে তার আচরণ সহিংস হয়ে ওঠে। মাদকের নেশায় নিজের বাবা-মাকেও মারধর করতেন তিনি। সন্তানের এমন আচরণে পরিবারের সদস্যরা চরম অতিষ্ঠ হয়ে পড়েন। সর্বশেষ বাবা-মাকে মারধরের অভিযোগটি প্রশাসনের নজরে এলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।আদালত ফাহিমকে ছয় মাসের কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায় জানান, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একটি পরিবারের কাছে সন্তান যেমন ভালোবাসা ও ভরসার প্রতীক, তেমনি মাদকের ভয়াবহ ছোবলে সেই সন্তানই হয়ে উঠতে পারে পরিবারের দুর্ভোগের কারণ। ফাহিমের ঘটনা মাদকের কারণে পারিবারিক সম্পর্কের অবনতি ও সহিংসতার এক করুণ চিত্র তুলে ধরেছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এনেছে এ ঘটনা।






_medium_1791002233.jpg)
