মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

পূর্বধলার ডা. আতিকুর রহমান কমিউনিটি হেলথ রিসার্চ এসোসিয়েশনের প্রশাসক নিযুক্ত


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ রাত

ঢাকার ‘কমিউনিটি হেলথ রিসার্চ এসোসিয়েশন’-এর কার্যনির্বাহী কমিটি সাময়িকভাবে বরখাস্ত করে সংগঠনটির নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার ডা. মো. আতিকুর রহমান তালুকদার। 

গত ১ অক্টোবর স্বাক্ষরিত সমাজসেবা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর ৯(১) ধারার ক্ষমতাবলে ‘কমিউনিটি হেলথ রিসার্চ এসোসিয়েশন’-এর পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি সাময়িকভাবে বরখাস্ত করে। একই অধ্যাদেশের ৯(২) ধারার আওতায় ডা. মো. আতিকুর রহমান তালুকদারকে সংগঠনটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নবনিযুক্ত প্রশাসক ডা. মো. আতিকুর রহমান তালুকদার নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামের সন্তান। তাঁর বাবা মো. মোকলেসুর রহমান তালুকদার এবং মা রাজিয়া আক্তার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব পাওয়ার পর প্রশাসককে আগামী ৯০ দিনের মধ্যে সংগঠনের ভোটার তালিকা হালনাগাদ করে নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব প্রয়োগ করতে পারবেন এবং প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন নিবন্ধীকরণ কর্তৃপক্ষের কাছে দাখিল করবেন।

ডা. মো. আতিকুর রহমান তালুকদার পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পূর্বধলার সন্তান ডা. মো. আতিকুর রহমান তালুকদার জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। এদিকে তাঁর নিয়োগে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত