মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

রফিকুল ইসলাম মাদানী ও তাঁর শালিকার পরিচয়ে ওয়াজের কথা বলে প্রতারণা, গ্রেপ্তার মূলহোতা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ বিকাল

নেত্রকোনার পূর্বধলার আলোচিত শিশু ধর্মীয় বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে মো. নুরুজ্জামান (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি প্রতারক চক্রটির মূলহোতা।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কটিয়াদী মডেল থানা-পুলিশের সহযোগিতায় পূর্বধলা থানা-পুলিশ এ অভিযান চালায়।

নুরুজ্জামান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।

নেত্রকোনা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি চক্র প্রায় দুই বছর ধরে প্রতারণা করে আসছিল। চক্রটি ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন এবং সেখানে রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিত।

পুলিশ জানায়, এ ঘটনায় রফিকুল ইসলাম মাদানী পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করা হয়। দক্ষিণ লোহাজুরী এলাকায় তাঁর সমন্ধী কাউসারের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় নুরুজ্জামানের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও বিভিন্ন কোম্পানির ছয়টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, নুরুজ্জামান ‘হাফেজ আয়েশা জান্নাত’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। ওই অ্যাকাউন্টে রফিকুল ইসলাম মাদানীর ছবি ব্যবহার করে নিজেকে তাঁর ‘শালিকা’ হিসেবে পরিচয় দিতেন। পরে ইমু ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওয়াজ মাহফিলের ফরম বিতরণ এবং তারিখ নির্ধারণের কথা বলে টাকা সংগ্রহ করতেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও যৌতুক নিরোধ আইনসহ আগে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামানকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত