পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ দুপুর
_original_1791087295.jpg)
নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও নতুন অধ্যক্ষ নিয়োগের দাবির মধ্যে অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা উঠেছে।
রবিবার (৪ অক্টোবর) ভোররাত ৩টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষের দরজায় এ ঘটনা ঘটে। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে গেছে বলে জানিয়েছেন কলেজের নিরাপত্তাকর্মী।
এদিকে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার এবং নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিতে রোববার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন পূর্বধলা সরকারি কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
কলেজের নাইট গার্ডের দায়িত্বে থাকা মাফিজ উদ্দিন (৫৫) জানান, ভোররাত ৩টার দিকে তিনি হঠাৎ দেখতে পান, হেলমেট পরা দুই ব্যক্তি অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। তিনি এগিয়ে গেলে ওই দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তিনি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে যায়। এ সময় দরজার সামনে একটি পেট্রোলের বোতলও পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় ঘটনার কোনো ফুটেজও পরীক্ষা করা সম্ভব হয়নি।
সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলী পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। কিন্তু যোগদানের মাত্র একদিন পরই তাঁর বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে গত ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ০৪-এ উল্লেখিত অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়নসংক্রান্ত আদেশের সংযুক্ত অংশ বাতিল করা হলো।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। ওই আদেশের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগদান করেন। পরে ৩০ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে পূর্বধলা সরকারি কলেজে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
তবে এর একদিন পরই তাঁর পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে মাত্র একদিনের ব্যবধানে অধ্যক্ষের পদায়ন বাতিলের ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে প্রায় আট বছর ধরে কলেজটির উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও বিচার এবং কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিতে রবিবার সকাল ১০টায় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে কলেজ এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
এ ঘটনায় পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।







