বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার


  এ কে এম আজিজুর রহমান

প্রকাশ :  ২৬ আগস্ট ২০২৬, ১০:২৫ রাত

ফরিদপুরের সালথায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মো. আমিন খন্দকার (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া মো. আমিন খন্দকার উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী কৃষকলীগের সাধারন সম্পাদক।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে কৃষকলীগ নেতা আমিন খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার বিকেলে সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় বাংরাইল এলাকার মনির বিশ্বাস সঙ্গে মিশরু মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও পাল্টাপাল্টি হামলা করা হয়। এ সময় বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ।

সংঘর্ষের পর পাল্টাপাল্টি হামলা চালিয়ে উভয়পক্ষের অন্তত ৮টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত