শেরপুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু, পৃথক ঘটনায় আরও ২ লাশ উদ্ধার
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০২:০৬ দুপুর
_original_1787558770.jpg)
শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পৃথক ঘটনায় আরও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত দুই শিশু হলো মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও এবাদুল ইসলামের ছেলে ইসমাইল (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাত আড়াইটার দিকে স্থানীয়রা পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।
এদিকে, উপজেলার তন্তর গ্রামের কামরুল ইসলামের মেয়ে কামরুন নাহার শাকিলা (১৫) এবং নয়াবিল গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী নুর জাহান বেগম (৬৫) এর মরদেহ ও পৃথক ঘটনায় উদ্ধার করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দুই মরদেহের বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







