শেরপুরের দেড় সহস্রাধিক গাছের চারা ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৮:১৪ রাত

শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে ১ হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতি গাছের চারা এবং ১ এক হাজার ৫০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) পৌরসভার বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের এসব চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ও উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবিরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কল্যাণে সাবেক হুইপ আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের এ উদ্যোগ প্রশংসনীয়। বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার নৈতিক দায়িত্ব।







