মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে খারনৈ ইউনিয়নে ক্যাম্পেইন অনুষ্ঠিত


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৫ দুপুর

কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বনবেড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় কৃষক, জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
 
বারসিকের অ্যাসোসিয়েট প্রজেক্ট অফিসার আল্পনা নাফাকের সঞ্চালনায় এবং মিতিকা হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খারনৈ ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুরুজ মিয়া।
 
ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা। এছাড়াও বক্তব্য রাখেন জালাম মিয়া, প্রবীর ডিব্রা ও বিনিতা হাউই।
 
বক্তারা বলেন, খাদ্য শুধু মানুষের বেঁচে থাকার উপকরণ নয়; এটি মানুষের অধিকার ও জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নিজেদের প্রয়োজনীয় খাদ্য নিজেদের উৎপাদন, সংরক্ষণ ও ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি করাই খাদ্য সার্বভৌমত্বের অন্যতম লক্ষ্য। স্থানীয় কৃষি, দেশীয় বীজ, প্রাকৃতিক সম্পদ ও কৃষকের ঐতিহ্যবাহী জ্ঞান সংরক্ষণের মাধ্যমে টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
 
তারা আরও বলেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও কৃষিবান্ধব পদ্ধতির প্রসার ঘটাতে হবে। একই সঙ্গে স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, কৃষিজমি ও জীববৈচিত্র্য রক্ষা এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে। খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনায় নারী, আদিবাসী জনগোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে।
 
আলোচনায় বক্তারা খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
 
ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নিরাপদ ও বৈচিত্র্যময় খাদ্য উৎপাদন, স্থানীয় বীজ সংরক্ষণ এবং টেকসই কৃষিব্যবস্থা গড়ে তোলার বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত