মাধবপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৪:৪৮ দুপুর

হবিগঞ্জের মাধবপুরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনসেনটিভ কোচিং হোমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এ উপলক্ষে কোচিং হোমের পরিচালক ফখরুদ্দিন মামুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন আগামীর সময় পত্রিকার প্রতিনিধি জামাল মো. আবু নাছের। বিশেষ অতিথির বক্তব্য আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আল মাসুদ লোকমান, লেকচার পাবলিকেশন্সের প্রতিনিধি আব্দুল মালেক, আব্দুল কাইয়ুম লিমন ও সোহানুর রহমান।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল শক্তি। ভালো ফলাফলের পাশাপাশি তাদের মানবিক, সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।
তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। একই সঙ্গে অন্য শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







