পূর্বধলায় ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ফিরলেন স্বপদে
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:০৫ রাত

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত পূর্বধলা উপজেলা ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। দীর্ঘ তদন্ত ও দলীয় প্রক্রিয়া শেষে তাদের সাংগঠনিক পদ ও সদস্যপদ ফিরিয়ে দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া দুই নেতা হলেন-পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু। কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, সাজু আহমেদকে তার সাংগঠনিক পদে এবং সোলেমান কবীর পাপ্পুকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক কার্যক্রমে বহাল করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নেত্রকোনা জেলা শাখার অধীন পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু ও সদস্য সচিব সাজু আহমেদের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির গত ১৬ আগস্ট এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। ওই ঘটনায় পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পুকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। একই ঘটনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
তবে পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত ও যাচাই-বাছাই করা হয়। সেই প্রক্রিয়া শেষে কেন্দ্রীয় ছাত্রদল দুই নেতার বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ফলে তারা পুনরায় নিজ নিজ সাংগঠনিক পরিচয়ে দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পেলেন।
এ বিষয়ে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ বলেন, কেন্দ্রীয় সংসদ তাদের ওপর দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করায় তিনি শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ। দলকে সুসংগঠিত রাখতে ভবিষ্যতে তিনি মাঠে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান।
যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পু বলেন, তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা ছিল ষড়যন্ত্রমূলক। যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তা প্রত্যাহার করে নিয়েছেন। ভবিষ্যতে দলের নীতি-আদর্শ মেনে সব কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







