মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

শেরপুরে চাঁদার দাবিতে বাড়ি করে হামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৪ আগস্ট ২০২৬, ০৭:০৪ বিকাল

শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গাংপাড় এলাকায় ৪ লাখ টাকা চাঁদা না পেয়ে এক নিরীহ পরিবারের বসতবাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় রামদা, ফালা, লোহার রড ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা তান্ডব চালিয়ে বসতঘর, আসবাবপত্র ও ফ্রিজ কুপিয়ে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। এসময় ঘরের ড্রয়ার ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

ঘটনাটি ঘটেছে ২২ আগস্ট শনিবার রাতে। এ ঘটনায় ২৩ আগস্ট ক্ষতিগ্রস্ত বাদী মোঃ রেজুয়ান আকন্দ বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলে (দ্রুত বিচার মামলা নং-২৯/২০২৬) বিজ্ঞ বিচারক ২৪ আগস্ট সোমবার বিকেলে বাদীর নালিশী আবেদনটি সরাসরি এফআইআর হিসেবে গণ্য করার জন্য শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেছেন। একইসাথে ৩ কার্যদিবসের মধ্যে বাদীপক্ষকে প্রয়োজনীয় রিকুইজিট দাখিলের আদেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চৈতনখিলা গাংপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রেজুয়ান আকন্দ (২৬) ও তার পরিবারের সঙ্গে অভিযুক্ত জুয়েল মিয়া (৩০), জিসান মিয়া (২১) এবং ফুল চাঁন মিয়ার (২৮) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা বিভিন্ন সময় রেজুয়ানের পরিবারকে চাপ দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় ঘটনার রাতে আসামিরা একযোগে সশস্ত্র অবস্থায় রেজুয়ানের পিতা মোঃ হারুন অর রশিদ আকন্দের ঘরে চড়াও হয় এবং ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ঘরবাড়িতে আগুন দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীদের প্রাণনাশের ধাওয়া খেয়ে বাদীর পিতা পাশের বাড়িতে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেন। এ সময় সন্ত্রাসীরা রামদা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বসতঘরসহ আসবাবপত্র চুরমার করে ঘরের স্বর্ণলঙ্কা সহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত