শেরপুরে গারো বাড়িতে হামলা বিচ্ছিন্ন ও দুঃখজনক ঘটনা: এমপি রুবেল
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১০:৩৪ দুপুর

শেরপুরের ঝিনাইদাতি উপজেলার চারুলতলা গ্রামে আদিবাসী গারো সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনাটি বিচ্ছিন্ন এবং দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের এমপি মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, ব্যবসায়ী বিল্লাল হত্যাকাণ্ড যেমন তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হবে ঠিক তেমনি গারো বাড়িতে হামলার সাথে জড়িত যারা তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কারণ এই এলাকায় গারো সম্প্রদায়ের অসংখ্য মানুষ যুগ যুগ ধরে মুসলিম-গারো সম্প্রীতির মাধ্যমে বসবাস করে আসছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। আমি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের এবং স্থানীয় বাঙালি মুসলমান যারা বসবাস করেন তাদেরকে বলেছি ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে।
তিনি ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার জারুলতলা গ্রামে হামলার শিকার গারোদের ঘরবাড়ি পরিদর্শন করে স্থানীয়দের সাথে এক সভায় একথা বলেন। এ সময় উপজেলার বিএনপি নেতাকর্মী এবং আদিবাসী গারো সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১২ আগস্ট বুধবার দুপুরে জেলার ঝিনাইগাতী উপজেলার পূর্বগজারিকুড়া গ্রামের ব্যবসায়ী বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী (গারো) জনগোষ্ঠীর গ্রামের বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় পরিস্থিতি নিয়ে স্থানীয় আদিবাসী গারো সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ এর সৃষ্টি হয়।



_medium_1787475877.jpg)
_medium_1787469047.jpg)


