মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দায় পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ উদ্বোধন করেন ডেপুটি স্পীকার 


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২৪ আগস্ট ২০২৬, ০৭:০৩ বিকাল

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পুবালী ব্যাংক পিএলসি।
 
সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগাঁও সড়কের কালিহালা এলাকায় পুবালী ব্যাংক পিএলসি’র কলমাকান্দা উপশাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
 
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, পুবালী ব্যাংকের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
 
বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
 
অনুষ্ঠানে ইউএনও এন,এম, আবদুল্লাহ আল মামুন পুবালি  ব্যাংক পিএলসির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রানী বণিক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুক্কুল আমিন, নেত্রকোনা শাখার এসপিও ও ব্যবস্থাপক মো. আমিনুর রহমান এবং কলমাকান্দা উপশাখার সিনিয়র অফিসার ও ব্যবস্থাপক সুব্রত ভৌমিক উপস্থিত ছিলেন।
 
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিয়মিত বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের পরিচর্যার মাধ্যমে কলমাকান্দাকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত