মাধবপুরের ৫ চা বাগানে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৫:৫৪ বিকাল

হবিগঞ্জের মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানের শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তন ‘স্বচ্ছতা’-য় ২০২৫-২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় এসব সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে মাধবপুর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল। সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানে বক্তব্যে এস. এম. ফয়সল বলেন, “চা শ্রমিকরা আমাদের সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়ন এবং সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো চা শ্রমিক পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং তাদের সন্তানদের শিক্ষিত করে ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তোলা। পর্যায়ক্রমে মাধবপুরের প্রতিটি চা বাগান ও পিছিয়ে পড়া মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।
নোয়াপাড়া, বৈকুণ্ঠপুর, জগদীশপুর, তেলিয়াপাড়া ও সুরমা—এই পাঁচটি চা বাগানে মোট ৮টি বসতঘর, ৩৯টি বাইসাইকেল, ২৬টি সেলাই মেশিন এবং ২৫৮টি শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১২৯টি, মাধ্যমিক পর্যায়ে ৭৭টি এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫২টি শিক্ষাবৃত্তি রয়েছে। সব মিলিয়ে বসতঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি মিলে মোট ৩৩১টি সহায়তা দেওয়া হয়েছে।
মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও শ্রমিক নেতা খেলু নায়েকসহ স্থানীয় নেতৃবৃন্দ।







