বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

মাধবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ২৬ আগস্ট ২০২৬, ১০:১৭ রাত

হবিগঞ্জের মাধবপুরে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত জশনে জুলুসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী খান্দুরা পাক দরবার শরীফের পীরজাদা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব ও পীরজাদা আলহাজ সৈয়দ শরিফুর রহমানের নেতৃত্বে জুলুসটি অনুষ্ঠিত হয়।

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জশনে জুলুসটি বের হয়ে মাধবপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে মিলাদ, কিয়াম ও দরুদ শরিফ পাঠ করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

জশনে জুলুসে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ শাহজাহান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদি হাসান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল রানা এবং খান্দুরা দরবার শরীফের বিপুলসংখ্যক ভক্ত-মুরিদান।

সকাল থেকে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, আলোচনা সভা, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জশনে জুলুসে যোগ দেন।

জুলুস চলাকালে মাধবপুরের বিভিন্ন সড়ক দরুদ শরিফ পাঠ ও ইসলামী স্লোগানে মুখর হয়ে ওঠে। সুশৃঙ্খল এ আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত ও শান্তির দূত। তাঁর জীবনাদর্শে রয়েছে ন্যায়বিচার, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মানবতার শিক্ষা। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবীর শিক্ষা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর জীবন ও চরিত্র সম্পর্কে জানার এবং তাঁর আদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান তারা।

বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত