নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হলেন পূর্বধলার শামছুল হক
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০১:৩২ দুপুর
_original_1787643160.jpg)
নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পূর্বধলা উপজেলার ৭ নম্বর আগিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ শামছুল হক (নয়ন)।
২০২৫–২০২৬ অর্থবছরে ভূমিসেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রমে সক্রিয় সহযোগিতা এবং বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
এ উপলক্ষে গত রোববার নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে মোহাম্মদ শামছুল হক (নয়ন)-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রতিক্রিয়ায় মোহাম্মদ শামছুল হক বলেন, ‘আমার এই সামান্য অর্জন আমি পূর্বধলাবাসীকে উৎসর্গ করলাম। আমি সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের ভূমিসেবা নিশ্চিত করার চেষ্টা করি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
মোহাম্মদ শামছুল হক (নয়ন)-এর গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে। তিনি ২০০৩ সালে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। এরপর পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং কেন্দুয়া উপজেলায় বিভিন্ন সময়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে তিনি পদোন্নতি পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হন।
তাঁর বাবা মরহুম হাজী আবুল কাশেম মন্ডল পূর্বধলা বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। বর্তমানে মোহাম্মদ শামছুল হক স্ত্রী ও এক পুত্রসন্তান নিয়ে পূর্বধলা সদরে বসবাস করছেন। তিনি বর্তমানে আগিয়া ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

_medium_1787662553.jpg)

_medium_1787662139.jpg)

_medium_1787661651.jpg)
_medium_1787661488.jpg)
