মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ঘরে ঝুলন্ত অবস্থায় মিলল তরুণীর মরদেহ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় নিজ ঘরের কড়িতে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মায়াদা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের নিজ হোগলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মায়াদা ওই গ্রামের মৃত হালিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মায়াদার ছোট ভাই আরাফাত হোসেন স্কুল থেকে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি চাচাতো ভাই আশিককে খবর দেন। পরে আশিককে নিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মায়াদাকে ঘরের কড়ির সঙ্গে তার ব্যবহৃত ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

পরে আশিক ও তার মা জুলেখা খাতুন মায়াদাকে নিচে নামিয়ে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত