পূর্বধলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে উলামা-মাশায়েখ সম্মেলন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর উদ্যোগে উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেত্রকোণা জেলা শাখার সভাপতি শায়খুল হাদীস আল্লামা জিয়া উদ্দিন (দাঃ বাঃ)।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (নেত্রকোণা-৫, পূর্বধলা) সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা। তিনি তার বক্তব্যে ন্যায়, ইনসাফ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে উলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ, বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আস-আদুর রহমান আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সাবেক আমীর মাওলানা এনামূল হক।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি ওয়ালিউল্লাহ কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা হারুনূর রশিদ এবং বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) পূর্বধলা উপজেলা শাখার সমন্বয়ক আনোয়ার হোসেন কাজল প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন খান।
সম্মেলনে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্য জোরদার, ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।







