শেরপুরে চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায প্রতিবাদে প্রেসক্লাবের তীব্র নিন্দা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ দুপুর

শেরপুর প্রেসক্লাবের চারজন সদস্যের ওপর সন্ত্রাসী হামলা ও পেশাগত দায়িত্ব পালনে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর প্রেসক্লাব।
গত ২৮ জানুয়ারি বুধবার বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি উদ্যোগে ইশতেহার সংক্রান্ত প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ঘটনার ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহকালে দুর্বৃত্তরা চারজন সাংবাদিকের ওপর হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের শারীরিকভাবে নির্যাতন করে, তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা এবং মোটরসাইকেল ভাঙচুর করে।
এ ঘটনায় ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় গৃহীত নিন্দা প্রস্তাবে বলা হয়, গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক।
নিন্দা প্রস্তাবে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে শেরপুর জেলার যেকোনো ধরনের সংবাদ প্রচার থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে শেরপুর প্রেসক্লাব। পাশাপাশি দেশের গণমাধ্যমকর্মীরা এর উপযুক্ত জবাব দিতে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেবে।
শেরপুর প্রেসক্লাব অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।


_medium_1769856116.jpg)

_medium_1769855150.jpg)


